তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা মেইন ক্যাম্পাসে (EIIN 108478) আজ অনুষ্ঠিত হলো পঞ্চম ও অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের জন্য বিশেষ অরিয়েন্টেশন ক্লাস ও মতবিনিময় সভা। বিশেষ পরীক্ষার মাধ্যমে বাছাইকৃত মেধাবী ছাত্র-ছাত্রী এবং সম্মানিত অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সকাল থেকেই প্রাণবন্ত হয়ে ওঠে পুরো পরিবেশ। আলহামদুলিল্লাহ।
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ খলিলুর রহমান (ভারপ্রাপ্ত) বলেন—
“আমাদের লক্ষ্য কেবল শিক্ষার্থীদের জন্য একটি সরকারি বৃত্তি অর্জন নয়; বরং আমাদের পরম আকাঙ্ক্ষা হলো— ঈমান, আমল, তাকওয়া, নৈতিকতা, দায়িত্ববোধ ও নেতৃত্বগুণে সমৃদ্ধ একটি আদর্শ দ্বীনদার ও আল্লাহভীরু প্রজন্ম গড়ে তোলা।
আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা,
তোমাদের আজকের এই নিয়মিত পড়াশোনা, গভীর অধ্যবসায়, কঠোর শৃঙ্খলা আর মহান আল্লাহর ওপর অবিচল ভরসাই হবে তোমাদের আগামী দিনের সাফল্যের মজবুত ভিত্তি। আমি তোমাদের বলবো— তোমরা বড় স্বপ্ন দেখো এবং তা অর্জনে সর্বোচ্চ পরিশ্রম করো। সততা ও নিষ্ঠার সাথে পরিশ্রম করলে ইনশাআল্লাহ সাফল্য নিশ্চিত।
সম্মানিত অভিভাবকবৃন্দ,
সন্তানের প্রতি আপনাদের অকৃত্রিম ভালোবাসা, সঠিক দিকনির্দেশনা, সচেতনতা এবং তাদের পড়াশোনার প্রতি ধারাবাহিক নজরদারিই হলো তাদের সাফল্যের মূল চালিকাশক্তি। মনে রাখবেন, অভিভাবক ও শিক্ষক— এই দুই পক্ষের আন্তরিক দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে আমাদের সন্তানদের এক আলোকিত ভবিষ্যৎ।
পরিশেষে মহান আল্লাহ তা’য়ালার দরবারে প্রার্থনা করি— তিনি আমাদের সকল শিক্ষার্থীকে মুত্তাকী, আদর্শবান ও সফল হিসেবে কবুল করুন। তাদের দুনিয়া ও আখিরাতে কামিয়াব দান করুন এবং সরকারি বৃত্তি অর্জনের তাওফিক দান করুন। আমিন।”